অন্তরীণ | সৌম্যজিৎ চক্রবর্তী



অন্তরীণ | সৌম্যজিৎ চক্রবর্তী
(মৃণাল সেন-কে)


| ১ |
কিছু মনে করবেন না। আপনি মানসীর দাদা?
বারাসাতে থাকেন, না?

| ২ |
ওহো, কিছু মনে করবেন না যেন। আপনাকে দেখতে
পাচ্ছিনা। ছবির মতো বিঁধছে আলোতে।
আপনাকে বলে দিই, নাম ঠিক করেছি। আরত্রিকা।

| ৩ |
কি বললেন, প্রযুক্তিগত বিকলাঙ্গ? আপনি বেশ কথা বলেন।
রাতবিরেতে বিরক্ত হন, শোনেন, চুপচাপ।
ছবিতে স্বর পাই। আপনি মানসীর দাদা নন তবে!

| ৪ |
হ্যাঁ, অর্থ হলো- সন্ধ্যার প্রদীপ। আপনি কবি, না? 
ও, ইরা বলে ডাকে। আপনি কবি নন।
অপমান! আমি বুঝিনি। কেন এরকম বলছেন? আমি ---

| ৫ |
আপনাকে বলেছি কি, মেয়ের নাম রেখেছি আরত্রিকা।
বাবুজী ঘর ছেড়ে চলে গেলেন যেদিন, সব কবিতা নিয়ে।
মা বাধা দেননি। আপনার টেলি..ফোন নম্বরটা?

| ৬ |
উঠতে বসতে বাঙলা ভাষা নিয়ে খোঁটা।
ও, ইরা-কে বলে। মা’র মতো অগভীর হোয়ো না যেন।
আপনি, কবিতা পড়ে শোনাবেন একদিন। একদিন। স্বর বিঁধবে কোরকে।




| ৭ |
বাবুজী, বাংলাদেশ নিয়ে বই লিখেছিলেন। চেতনার রং।
কিছুতে ঙ রাখেননি নামে।
আপনি তো কবি। বলুন, ঙ-র কি দোষ?

বিরক্ত হচ্ছেন। বুঝি। রাখি। কাল।

| ৮ |
বিকেল। জ্বর এসেছে। দেখি,
চাবির গোছা পকেটে ঢুকছে এইবার।
খিল দিয়েছেন ঠিকমতো? হ্যালো।

| ৯ |
হ্যালো, আপনি। আছেন? স্বর বিঁধছে না।
হ্যালো। কথা বলছেন না যে। ফ্লাস্কে চা নেই, না।
এই তো… হেসেছেন।

| ১০ |
আপনাকে বলেছি কি কখনো, মেয়ের নাম রেখেছি। আরত্রিকা।
ও, ইরা বলে ডাকে। আপনি কবি নন।     

Comments